আশুলিয়ার একটি কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। স্থানীয়দের বর্ণনা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এলাকায় বিকট শব্দ শোনার পর এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার (২০ সেপ্টেম্বর) জামগড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। এতে এলাকাটি কালো ধোঁয়ায় ঢেকে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলের দিকে ওই এলাকায় বিকট শব্দ শোনা যায়। এরপর ‘প্রীতি গার্মেন্টস’ নামে কারখানাটিতে আগুন জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে পাইপাইল সড়কে অনেক যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি তখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কী অবস্থা তা ঘটনাস্থলে গেলে জানা যাবে।
Reviewed by Admin
on
September 20, 2026
Rating:

