ব্রাজিলের সাবেক ফুটবলার রবার্তো কার্লোস মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে যে খবর ছড়িয়ে পড়েছিল, তা তিনি অস্বীকার করেছেন।
তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ৫৩ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে এক বৈঠকে শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টেও এই দাবি জোরালো হয়। তিনি বলেছিলেন, ব্রাজিল সফরের সময় সাও পাওলোতে শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করে জানতে পারেন যে কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করছিলেন এবং চার সপ্তাহ আগে শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ বিষয়ে নীরবতা ভেঙে রবার্তো কার্লোস এখন স্পষ্ট করে বলেছেন, খবরটি সত্য নয়। বুধবার সৌদি আরবের সংবাদপত্র ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসলামের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা চমৎকার লাগে। তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি—এমন যে গুজব ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়।’
যে বিয়ের অনুষ্ঠানকে ঘিরে এই জল্পনা তৈরি হয়েছিল, সে বিষয়ে তিনি আরও বলেন, ‘উদযাপনটি একাধিকভাবে আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আমরা আগ্রহী ছিলাম, কারণ তারা ক্যাথলিক। পাশাপাশি আমার স্ত্রী এবং তার মুসলিম বন্ধুদের উপযোগী আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।’
Reviewed by Admin
on
August 20, 2026
Rating:



